আশুলিয়া প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে সামনে রেখে আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকায় থানা কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বশির আহমেদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শাহাদাত হোসেন, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মো. হাসান মাহবুব মাস্টার।
সভায় বক্তারা ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে উপস্থিতি নিশ্চিত করা, নেতাকর্মীদের করণীয় নির্ধারণ এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নির্ধারিত সময় অনুযায়ী নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা মেনে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হবেন এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এ সময় আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
