মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
টুঙ্গিপাড়ায় বাড়িতে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, পুলিশ পাহারায় চিকিৎসা
daily-fulki

টুঙ্গিপাড়ায় বাড়িতে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, পুলিশ পাহারায় চিকিৎসা

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ‘বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে’ এক মাদ্রাসা ছাত্রের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গিয়েছে। তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সন্ধ্যার পরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার এক বাড়িতে এ বিস্ফোরণ হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

আহত মতিউর রহমান (২৫) ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। পরে সেখানে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসানো দেখতে পাওয়া যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্যসহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

 

মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে আতশবাজি বানানোর চেষ্টা করছিল মতিউর। সেসময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

তবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, “তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হতে পারে। “

ওসি আইয়ুব আলী বলেন, “ঘটনাটি জানার পর সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা উদঘাটন করতে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম টুঙ্গিপাড়া আসছেন। তারা আসার পর সঠিকভাবে বলা যাবে আসলে কি ঘটেছিল।”

 

সর্বাধিক পঠিত