আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোসাদ্দেক খান (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, একইদিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোসাদ্দেক খান (২৫) আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।
র্যাব জানায়, গত ২৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার জনৈক রাজ্জাক মিয়ার ভাড়া বাসায় ভিকটিম সোনিয়া আক্তারের (ছদ্মনাম) কক্ষের সামনে গিয়ে নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় নক করেন মোসাদ্দেক। এ সময় তার সাথে আরও ছয়জন অবস্থান করেন। সোনিয়া আক্তারের (ছদ্মনাম) স্বামী সরল বিশ্বাসে রুমের দরজা খুলে দিলে মোসাদ্দেক ও অন্য ছয়জন তাদের রুমে প্রবেশ করেন এবং সোনিয়া ও তার স্বামীকে ভুয়া স্বামী-স্ত্রী বলে অবহিত করে তাদের কাবিননামা দেখতে চান। তখন সোনিয়া তাদের বিয়ের কাবিননামা তার মায়ের কাছে রয়েছে বললেও আসামীরা তাদের কথার কর্ণপাত না করে স্বামীকে জোরপূর্বক ঘরের এককোণে আটকে রেখে ভিকটিমের হাত মুখ চেপে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাত ৪টার দিকে আসামীরা কৌশলে পালিয়ে যান।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার মোসাদ্দেক উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিকটিম সদ্য বিবাহিত। সে তার বাবা মায়ের সাথে উক্ত ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিবাহের পর হতে তার স্বামী মাঝে মাঝেই তাদের ভাড়া বাসায় আসা যাওয়া করতো। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরুপ গণধর্ষণকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
