বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সেখানে সাময়িকভাবে সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিতে পদ্মার পানি অনেকটা উত্তাল হয়ে উঠেছে।
তাই দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার দুপুর দেড়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকুলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।’
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের এজিএম মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় নৌপথ পাড়ি দিতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।
