ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পানিতে পড়ে চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর (৮০) মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দ্বিমুখা এলাকার একটি পুকুরে থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত হাজী মোহাম্মদ হায়াত আলী ওই গ্রামের বাসিন্দা। তিনি দ্বিমুখা গ্রামে কয়েকবারের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় দ্বিমুখা উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে কাছের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
দ্বিমুখা গ্রামের এক বাসিন্দা বলেন, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি পুকুরটিকে রাস্তা মনে করে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
এই বিষয়ে কাওয়ালীপাড়া তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুর আলম বলেন, ‘স্থানীয়রা পুকুর থেকে লাশ উদ্ধার করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করি। তবে ধারণা করা হচ্ছে, নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
