আশুলিয়া প্রতিনিধি : ঈদের আগেই সব পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আশুলিয়ার জামগড়া এলাকার ইউফোরিয়া অ্যাপারেলসের শ্রমিকরা। এসময় তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ওই কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
জানা যায়, গত তিন মাস আগে কারখানাটি কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয় মালিক কর্তৃপক্ষ। হঠাৎ কারখানা বন্ধ হওয়ার ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে আন্দোলন করতে চাইলে শ্রমিকদের চাপের মুখে শিল্প পুলিশের মধ্যস্থতায় শ্রম আইন অনুসারে তিন মাস ১৩ দিনের বেতন ও আনুষঙ্গিক পাওনার বিষয় নিয়ে মালিক-শ্রমিক দ্বি-পাক্ষিক একটি চুক্তি করেন। এই চুক্তিপত্রে তিন মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পর্যায়ক্রমে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনো শ্রমিকরা তা পাননি। এ ঘটনায় শ্রমিকরা বারবার মালিক ও শিল্প পুলিশের সঙ্গে যোগাযোগ করে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।
শ্রমিকরা জানান, সামনে ঈদ, তাই দোকান বাকি ও বাসার মালিকের তিন মাসের ভাড়া বকেয়া থাকায় তারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। এ ছাড়াও ছেলে-মেয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঈদের আগেই এ বিষয়ে সরকারসহ প্রশাসন ও বিজিএমইএর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা।
এদিকে ওই বন্ধ কারখানার সামনে গিয়ে মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং শিল্প-পুলিশের কর্মকর্তারা এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
