স্টাফ রিপোর্টার : সাভারে ঈদকে সামনে রেখে র্যাবের বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় সাভারের রাজ্জাক প্লাজা সংলগ্ন ফুটপাথ থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছিনতাইকারী ও অপরাধী চক্রের অপতৎপরতা রোধে সাভার এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে র্যাব-৪ (সিপিসি-২) নবীনগর ক্যাম্পের একটি বিশেষ দল রাজ্জাক প্লাজার সামনে অভিযান চালায়।
এ সময় জহিরুদ্দিন (২১) নামে এক যুবককে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার সময় চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ০৪টি ধারালো সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মুরাদ হোসেন মুন্না (২১), পিতা-সোহান মিয়া (সাভার), শেখ শাহিম (২২), পিতা-মৃত শেখ ফজলুল করিম (মানিকগঞ্জ), ৩. মোঃ বাবু (২৮), পিতা-মোঃ মিন্টু (লালমনিরহাট) ও মোঃ রমজান হোসেন (২৬), পিতা-মোঃ মিন্টু (লালমনিরহাট)।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। আসন্ন ঈদকে টার্গেট করে তারা সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের মুখে সাধারণ পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল।
র্যাব-৪-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির জানান, সন্ত্রাস ও ছিনতাই নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
