সোমবার, ৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বন্ধ কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
daily-fulki

আশুলিয়ায় বন্ধ কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে পলাশবাড়ী এলাকায় অবস্থিত ‘গিল্ডেন জিএবি’ কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর ধরন নিয়ে শ্রমিকদের মধ্যে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিহত হাবিবুল্লাহ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই কারখানায় সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন।


কারখানার সিকিউরিটি ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে দায়িত্ব পালনকালে সিঁড়ি ও লিফটের পাশে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুল্লাহর মরদেহ ঝুলতে দেখেন তাঁরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।


তবে সাধারণ শ্রমিকরা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, মরদেহটি হাঁটু গেড়ে পা মাটিতে লাগানো অবস্থায় পাওয়া গেছে, যা আত্মহত্যার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। শ্রমিক নাসিমা বলেন, “কয়েক দিন ধরে কারখানা বন্ধ রয়েছে। কড়া নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকা বন্ধ কারখানায় এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।


আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত