সোমবার, ৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সমীকরণের মারপ্যাঁচ ছাপিয়ে জয়ের প্রত্যাশায় বাংলাদেশ
daily-fulki

সমীকরণের মারপ্যাঁচ ছাপিয়ে জয়ের প্রত্যাশায় বাংলাদেশ


ফুলকি ডেস্ক : নারী এশিয়ান কাপ থেকে ইরান বিদায় নিতেই যেন বাংলাদেশের স্বপ্ন দেখার সম্ভাবনাও ফুরিয়ে গেল। কাগজে-কলমে সমীকরণ আছে বটে, সেই হিসাব মেলানো বড্ড কঠিন। তবে শষে টুর্নামেন্টে খেলাই বাংলাদেশের কাছে এক অর্জন, সেখানে কোয়ার্টার ফাইনালে উঠতে না পারাটা তেমন আফসোস বয়ে আনবে না বৈকি।

পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু ম্যাচ। যে ম্যাচকে ড্র অনুষ্ঠানের পরপরই নজর রেখেছিল সবাই। কারণ উজবেকিস্তানের র‍্যাঙ্কিং ৪৯। বাংলাদেশের (১১২) চেয়ে ৬৩ ধাপ এগিয়ে আছে তারা। তাদের কাছাকাছি থাকা মিয়ানমারকে হারিয়েই এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ।


যে কারণে এই ম্যাচ ঘিরে এত আলোচনা, সেই সম্ভাবনা এখন ক্ষীণ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ঠিক হয়ে গেছে। এখন তিনে থাকা সেরা দুটি দল ঠিক করা বাকি। ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে 'বি' গ্রুপের চারে আছে বাংলাদেশ। গোল ব্যবধান-৭। তিনে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। কোয়ার্টার ফাইনালে উঠতে দরকার বড় ব্যবধানে জয়। আপাতদৃষ্টিতে তা অবাস্তব বলে মনে হচ্ছে। গতকাল ফিলিপাইনের কাছে ২-০ গোলে না হেরে ইরান যদি ড্র করত। তাহলে শুধু জিতলেই শেষ আটে পৌঁছে যেত বাংলাদেশ।


সেরা তিনের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ভিয়েতনাম। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধানও ০। সমান ৩ পয়েন্ট ও-২ গোলগড় নিয়ে দুইয়ে ফিলিপাইন ও তিনে আছে উজবেকিস্তান।

আজকের ম্যাচটি জয়-পরাজয়ের চেয়ে মাইলফলকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার। গতকাল বাংলাদেশ কোচ বলেন, 'আমাদের সাহসী হতে হবে, আমাদের নির্ভীক হতে হবে। র‍্যাঙ্কিং এক জিনিস, কিন্তু যখন আপনি মাঠে নামেন, তখন লড়াইটা হয় ১১ বনাম ১১ জনের। আমি এই দলটির ওপর বিশ্বাস রাখি।তারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। আগামীকাল (শেষ) বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক এবং আমরা সেখানে জয়ের জন্যই যাব এবং আমাদের সেরাটা দেব। আমার মনে হয়, আগামীকালের (শেষ) ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে।'

উজবেকিস্তানের কাছে হারানোর কিছু দেখছেন না অধিনায়ক আফঈদা খন্দকার, 'আমাদের গ্রুপ পর্বের শেষ খেলা। তো এই শেষ ম্যাচটাতে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। এখানে হারানোর কোনো কিছু নেই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি। দেশকে এখানে রিপ্রেজেন্ট করছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়।'

বাংলাদেশের মতো প্রথম দুই ম্যাচে হেরেছে উজবেকিস্তানও। দলটির কোচ কোটরিনা কুলবিতে বলেন, 'বাংলাদেশ সম্পর্কে বলতে পারি, তারা একটি গতিশীল দল। মাঠের পারফরম্যান্সে তারা বেশ বিনয়ী। আমি তাদের খেলা দেখেছি, তাদের কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে, বিশেষ করে আক্রমণভাগে।

 

সর্বাধিক পঠিত