শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আরিচা ফেরিঘাটে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
daily-fulki

আরিচা ফেরিঘাটে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৫


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


শনিবার বেলা ১১টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসির কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি দোকানঘর এবং বিআইডব্লিউটিসির একটি কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।


প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নেন। ওই ঘরের মধ্যেই কম্প্রেসার মেশিনটি রাখা ছিল। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ করে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হলে আশপাশে থাকা ছয়জন আহত হন।


আহতরা হলেন মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।


আহতদের মধ্যে মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


এ বিষয়ে শিবালয় থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিচা ৩ নম্বর ফেরিঘাটের কাছে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
 

সর্বাধিক পঠিত