নারায়ণগঞ্জ সংবাদদাতা : কাউকে না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনের যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি দেখতে পান, যথাসময়েও অফিস খোলা হয়নি। পরে সেই অফিসের বারান্দায় বসে ছিলেন তিনি। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আলোচিত এই ঘটনায় এবার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। বুধবার রাতে তাদের বদলি করা হয়।
ওই তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷ তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে৷
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগের বুধবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমন ঘটনা ঘটে। নির্দিষ্ট সময়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে পরিদর্শনে এসে ভূমি কার্যালয়ের প্রধান ফটকটি খোলা পেলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো তালাবদ্ধ পান প্রতিমন্ত্রী কায়সার কামাল। পরে প্রায় আধা ঘণ্টা কার্যালয়ের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করেন তিনি। এ সময় ভূমি সেবা নিতে আসা এক সেবাগ্রহীতাকে সেখানে অপেক্ষা করতে দেখেন কায়সার কামাল। পরে তিনি ওই সেবাগ্রহীতাকে ডেকে কথা বলেন। প্রতিমন্ত্রী কার্যালয়ে আসারও প্রায় আধ ঘণ্টা পর খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত হন।
পরে কর্মকর্তা–কর্মচারীদের কাছে সময়মতো কার্যালয়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চান প্রতিমন্ত্রী। তারা তাদের ব্যাখ্যা দিলে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
