মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাংবাদিক কার্যালয় ভাঙচুর, গণ বিশ্ববিদ্যালয়ে ভুক্তভোগী তরুণীকে হয়রানির অভিযোগ
daily-fulki

সাংবাদিক কার্যালয় ভাঙচুর, গণ বিশ্ববিদ্যালয়ে ভুক্তভোগী তরুণীকে হয়রানির অভিযোগ


সাভার প্রতিনিধি : সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে এসে অভিযুক্তদের হয়রানির শিকার হয়েছেন এক নারী শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ও তার সহযোগীরা তাকে ইভটিজিংসহ হয়রানি করছেন। 


এদিকে সংবাদ সম্মেলন করতে এলে গকসু ভিপির স্ত্রী পরিচয় দেওয়া ক্যামি নামে এক শিক্ষার্থীসহ কয়েকজন এসে ভুক্তভোগীকে বের করে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে দফায় দফায় তারা সেখানে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে সাংবাদিক সমিতির কার্যালয়েও ভাংচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দিনভর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। 


মঙ্গলবার সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী তরুণী। এর আগে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে এসব ঘটনা ঘটে। বিশৃঙ্খলার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ভুক্তভোগী শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা জানান, ২০২৫ সালের গত ৭ এপ্রিল গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। 


এদিকে মামলার ঘটনায় ওই ভুক্তভোগীকে অভিযুক্তের চাচাতো ভাই গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও তার অনুসারীরা তাকে অনুসরণ করে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। সম্প্রতি ওই ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে গকসু ভিপির স্ত্রী পরিচয় দেওয়া এক নারী ও তার সঙ্গে থাকা আরও তিনজন গিয়ে তাকে তুলে এনে হেনস্তার চেষ্টা করে। 


একপর্যায়ে সাংবাদিকরা তাকে একটি নিরাপদ কক্ষে পাঠিয়ে দেয়। এ সময় দফায় দফায় জড়ো হয়ে তাকে হয়রানির চেষ্টা করা হয়। এতে প্রায় সাত ঘণ্টা জিম্মি অবস্থায় থাকতে বাধ্য হন তিনি। পরে প্রশাসন তাকে উদ্ধার করে।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, ভুক্তভোগী ও শিক্ষার্থীরা জানান, সকাল ১১টার দিকে ওই ভুক্তভোগী, গকসুর ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তর (ইইই), কৃষি অনুষদের জাহিদ হাসান (কৃষি) ও সাজুসহ (রসায়ন) মোট চারজন গবিসাস কার্যালয়ে আসেন। সেই সময় কার্যালয়ে গবিসাসের তিনজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগী এসে গবিসাসের একজন সদস্যের কাছে তার সঙ্গে ঘটা ইভটিজিংয়ের ঘটনার বিবরণ দেন ও এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান। 


তবে সেখানে গবিসাসের জ্যেষ্ঠ কেউ উপস্থিত না থাকায় তাকে অপেক্ষা করতে বললে তিনি প্রায় ১০ মিনিট পর ভিডিও বক্তব্য ধারণ করতে বলেন। একপর্যায়ে তার ভিডিও বক্তব্য ধারণ করা হয়। এর ২-৩ মিনিটের মধ্যেই গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের স্ত্রী পরিচয় দেওয়া শিক্ষার্থী ক্যামি (ইংরেজি বিভাগ) ও মীরা (মাইক্রোবায়োলজি বিভাগ), দিদিন (ইংরেজি বিভাগ) নামে তিনজনসহ আরও ২-৩ জন নারী শিক্ষার্থী গবিসাস কার্যালয়ে উপস্থিত হন। 


এ সময় তারা আক্রমণাত্মকভাবে চিৎকার করে গবিসাস সভাপতি ও এক সদস্যকে বলতে থাকেন, আপনারা এক পক্ষের কথা শুনছেন, কোনো প্রমাণ ছাড়া কাজ করছেন। এরমধ্যেই নিরাপত্তার জন্য ওই ভুক্তভোগীকে গবিসাস কার্যালয়ের বৈঠক করার চেম্বার কক্ষে নেওয়া হয়। তাদের আক্রমণাত্মক ভাষ্যের ভিডিও রেকর্ড করতে গেলে প্রথমে নিষেধ করে ও পরক্ষণেই সাংবাদিকদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে ও ভিডিও করা বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা ওই চেম্বার কক্ষের কাঁচের দরজায় ধাক্কাধাক্কি করে ও সেটি ভেঙে ওই ভুক্তভোগীকে বের করে নেওয়ার চেষ্টা করে। 


এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দেয়। এ সময় সাংবাদিকরা তাদের কোনো বক্তব্য থাকলে সেটি তুলে ধরার আহ্বান জানায়। তখন তারা সম্মতি দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তারা ফের ৪-৫ জন পুরুষ শিক্ষার্থীসহ (রাজীব [ফলিত গণিত বিভাগ], সম্রাট [ফার্মেসি বিভাগ], তুহিনসহ [ফার্মেসি বিভাগ] অজ্ঞাত ৩-৪ জন) গবিসাস কার্যালয়ে প্রবেশ করে। তারা গবিসাস সদস্যদের সঙ্গে আলোচনা করতে চায়। একপর্যায়ে তারা ভুক্তভোগীর বিষয়ে জিজ্ঞেস করে। সম্রাট নামে উপস্থিত শিক্ষার্থী প্রশ্ন করেন, তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ রয়েছে কিনা। তিনিও মানহানির মামলার হুমকি দেয়। 


একপর্যায়ে তারা প্রায় ১০-১৫ মিনিট পর বাইরে বেরিয়ে যায়। এরপর আবারও কিছুক্ষণ পর ৪০-৪৫ জনসহ ফের তৃতীয় দফায় গবিসাস কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তাদের গকসুর জিএস ও এজিএসও কার্যালয়ে আসেন। এসময় তারা আলোচনায় বসেন, কিছুক্ষণ পর গকসুর ভিপিও সেখানে এসে ঘটনার বিষয় জানতে চান। আলোচনার মধ্যেই অজ্ঞাত এক শিক্ষার্থী গবিসাস কার্যালয়ের জানালার কাঁচে পাথর নিক্ষেপ করে। এতে বাইরে থাকা শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। গকসুর নেতৃত্ব বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। 


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গবিসাস যুগ্ম সাধারণ সম্পাদক ভিসিকে ফোন করেন। তিনি ক্যাম্পাসে ছিলেন না। তিনি আশ্বস্ত করেন প্রক্টরিয়াল বডি পাঠাবেন। এরপর গবিসাস থেকে প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করে গবিসাস কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি ও ভুক্তভোগী একজন শিক্ষার্থী গবিসাস কার্যালয়ে রয়েছেন বিষয়টি তাদের জানানো হয়।


প্রায় পাঁচ মিনিট পর প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের কর্মকর্তারা গবিসাস কার্যালয়ে আসেন। তারা গবিসাস সদস্যদের কাছ থেকে ও বাইরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিবরণ নেন। পরে এই বিষয়ে কথা বলতে সবাইকে প্রক্টর অফিসে যেতে বলা হয়। এছাড়া তারা ওই ভুক্তভোগীকে বের করে তাদের হাতে দিতে বলেন। প্রায় ১০-১৫ মিনিট পর একজন শিক্ষার্থী গবিসাস কার্যালয়ের আরেকটি জানালার কাঁচ ভেঙে ফেলে। ওই কাঁচ গবিসাস কার্যালয়ে উপস্থিত থাকা ডেপুটি রেজিস্ট্রারের গায়েও পড়ে। একপর্যায়ে বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসতে রাজি হন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 
প্রায় দুই ঘণ্টা চেম্বার কক্ষে আটকে থাকা ভুক্তভোগীকে পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের জিম্মায় নিয়ে প্রশাসনিক ভবনে যান। এরমধ্যে ওই ভুক্তভোগী জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশও ক্যাম্পাসে আসে। গবিসাস কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে নেওয়ার সময় তার বিরুদ্ধে ও গবিসাসের বিরুদ্ধে নানা স্লোগান দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 


প্রশাসনিক ভবনে প্রক্টরিয়াল বডি, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্য, গকসুর সদস্যরাসহ কিছু শিক্ষার্থী বৈঠকে অংশ নেন। তবে সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বৈঠক চলতে থাকে। সেখানে উভয় পক্ষের কথা শোনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পর রেজিস্ট্রার জানান, তদন্ত কমিটি করে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।


এদিকে এ ঘটনার পর সোমবার সকালে গবিসাস কার্যালয় পরিদর্শনে এসে দুঃখপ্রকাশ করেন গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এ সময় তার সঙ্গে অনুষদ প্রতিনিধি মেহেদী, সম্রাটসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এসব বিষয়ে জানতে চাইলেও ভিপি মৃদুল কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, সম্প্রতি ওই শিক্ষার্থী নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা তাকে নিরাপত্তা দিবো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। যেহেতু ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়, সেটি তারাই দেখভাল করছেন।


গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত কমিটি গঠন করা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান করা হবে।’


গণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কনক চন্দ্র রায় বলেন, ইভটিজিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন বিরোধী সেল কাজ করছে। গতকালের ঘটনায়ও তদন্ত চলছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত