মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মুরগির গাড়িতে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী সমিতির
daily-fulki

আশুলিয়ায় মুরগির গাড়িতে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী সমিতির


স্টাফ রিপোর্টার : আশুলিয়ার কাঠগড়া বাজারে মুরগির পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ করেছে ব্যবসায়ী সমিতি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে কাঠগড়া ক্যাম্প কোম্পানী কমান্ডার বরাবর লিখিত আবেদন দিয়েছে বৃহত্তর সাভার মুরগী ব্যবসায়ী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান সিকদার স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, সংগঠনের প্রায় ২০০ সদস্য সাভার ও আশুলিয়া এলাকায় নিয়মতান্ত্রিকভাবে পাইকারি দরে ব্রয়লারসহ বিভিন্ন জাতের মুরগি সরবরাহ করে আসছেন। এরমধ্যে ৩৩ জন পাইকারি ব্যবসায়ী রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, কাঠগড়া বাজারে মুরগি সরবরাহ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতি গাড়িতে ২৪০ টাকা করে চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে গাড়ি থেকে মুরগি নামাতে দেওয়া হচ্ছে না। এমনকি সংশ্লিষ্ট বাজারে কোনো বৈধ ইজারা আছে কি না জানতে চাইলে তারও সদুত্তোর পাওয়া যায়নি বলে দাবি করা হয় অভিযোগে।

আরও অভিযোগ করা হয়, দাবিকৃত টাকা পরিশোধ না করলে মুরগি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ব্যবসায়ীদের নিজস্ব পণ্যের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুরগি কিনে বাজারে বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে। এতে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে মুরগি বিক্রির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এছাড়াও গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টারদিকে সমিতির এক সদস্য কাঠগড়া বাজারে মুরগির গাড়ি নিয়ে গেলে চাঁদা না দেওয়ায় গাড়ি থেকে মুরগি নামাতে দেওয়া হয়নি এবং গাড়িটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বর্তমানে ওই বাজারে সমিতির কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না বলেও জানা যায়।

সমিতির পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধ ও কথিত ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অভিযোগপত্রের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও আশুলিয়া থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
 

সর্বাধিক পঠিত