জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কিন- ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, স্কুলগামী শিশুকন্যারাসহ সব শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা হয়।
জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আয়োজনে এ জানাজা পড়ান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।
জানাজা শেষে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজার শুরুতে জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক আনজুম শাহারিয়ার বলেন, আধিপত্যবাদবিরোধী মঞ্চ থেকে আমরা সবসময় বৈশ্বিক, সাংস্কৃতিক ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে এসেছি। গতকাল থেকে ইরানের মতো একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে মার্কিন- ইসরাইলি যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাচ্ছে এতে খামেনিসহ দেড়শতাধিক স্কুলগামী শিশুকন্যা শহীদ হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মার্কিন- ইসরাইলি এ সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। এরই সঙ্গে মুসলিম উম্মাহর নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনার জন্য জানাজা ও দোয়ার আয়োজন করেছি।
জানাজা শেষে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও রবের নৈকট্য লাভের জন্য বরকতময় একটি মাস। কিন্তু আজ মুসলিম উম্মাহ একটি ক্লান্তিলগ্ন সময় পার করছে। মার্কিন- ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে আজ ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি সমগ্র মুসলিম উম্মাহর নেতা অ্যাখা দিয়ে বলেন, আমরা খামেনির আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। তিনি সমগ্র মুসলিম উম্মাহর নেতা। তার ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা সমগ্র মুসলিম জাতির জন্য আদর্শ।
