সোমবার, ২ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গাজীপুরে আসামি গ্রেপ্তার করায় পুলিশের ওপর হামলা, ১১ পুলিশ আহত
daily-fulki

গাজীপুরে আসামি গ্রেপ্তার করায় পুলিশের ওপর হামলা, ১১ পুলিশ আহত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ্যান্ডকাফসহ তাদের ছিনিয়ে নেওয়া হয়। হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকার বাসিন্দা মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিল (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন ও আদিলকে গ্রেপ্তারের জন্য টাঙ্গাইল সদর থানা পুলিশ গাজীপুরে যায়। এ সময় তারা শ্রীপুর থানা পুলিশের সহায়তায় মনির হোসেনের বাড়িতে অভিযান চালায় এবং দুজনকে গ্রেপ্তার করে।

পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় বাড়ির লোকজন ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে।

এতে আসামিদের স্বজন ও আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় এবং হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছিনিয়ে নেওয়া ওই দুই আসামিকে পুনরায় গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, আসামিদের স্বজনদের হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিকে আবারও গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত