ফুলকি ডেস্ক : ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিনজন সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত তিন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এই অভিযানে আরও পাঁচ মার্কিন সেনা সদস্য ‘গুরুতর আহত’ হয়েছেন। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।
চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের বীর সেনাদের জীবন উৎসর্গ হতে পারে এবং আমাদের হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমনটি হয়ে থাকে।’
ইরানি যুদ্ধজাহাজে হামলা
একই বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, মার্কিন বাহিনী ওমান উপসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। জামারান-শ্রেণির ওই করভেট বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার বন্দরের কাছে ডুবে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে তেহরানের সামরিক মুখোমুখি অবস্থান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
