আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার রুমি নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে পালিয়েছে স্বামী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত রুমানা আক্তার রুমি (২০) স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক পূর্বপাড়া এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তাদের বিবাহ হয় এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন (২৫) রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ এলাকার মো. ছালদার আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
