মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় একজন এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলেকের ছেলে মোঃ লাভলু ওরফে লাবু মিয়া (৪৫)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক লাবুকে নিয়ে যাওয়ার সময় সইজুদ্দিনের বাড়ির কাছে পৌঁছালে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং লাব্লুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় লাবুকে আসামি করা হয়েছে। অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়।
হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।
মোঃ মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম-০১ বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই সরাসরি হামলায় অংশ নিয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃতদের স্বজনরা দাবি করেছেন, হামলার ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিরা পলাতক থাকলেও নিরপরাধদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজন নারীর কোলে শিশু সন্তান রয়েছে বলেও তারা জানান। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
