বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সালিশে জুতাপেটা ও মাথা ন্যাড়ার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
daily-fulki

সালিশে জুতাপেটা ও মাথা ন্যাড়ার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে টিউবওয়েল চুরির অভিযোগে এক যুবককে গ্রাম্য সালিশের নামে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি ফুলকিতে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। 


অবশেষে ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।


ভুক্তভোগী মো. রাকিব (২৪), স্থানীয় খোরশেদ আলমের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আব্দুল লতিফ ভান্ডারী, মোঃ আওলাদ হোসেন, মোঃ রতন, ইউনিয়ন সদস্য দ্বীন ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন রাকিবকে তার বাড়ি থেকে ডেকে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত এক সালিশে নিয়ে যান। সেখানে টিউবওয়েল চুরির অভিযোগ আনা হলে রাকিব তা অস্বীকার করেন। অভিযোগ অস্বীকার সত্ত্বেও সালিশের নামে তাকে ৫০ বার জুতাপেটা করা হয় এবং জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।


ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাকিব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে রেকর্ড করা হয়।


এদিকে সালিশের সভাপতি আব্দুল লতিফ ভান্ডারী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাকিব চুরি করে হাতেনাতে ধরা পড়েছে এবং বিচারে স্বীকারোক্তিও দিয়েছে। তার ভাষ্য, তার অভিভাবকরাই শাস্তি দিয়েছেন।


এ বিষয়ে মো. মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

সর্বাধিক পঠিত