স্টাফ রিপোর্টার : সাভারে ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্ধশত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী দেওয়ান ইদ্রিস ভিলায় মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে সাভার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে এসে শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ ইয়ামিনের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, দশম শ্রেণীর ছাত্র শহীদ সাফওয়ান আখতার সদ্য’র পিতা ডাক্তার আখতারুজ্জামন লিটনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সভায় সংদস সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বিএনপি সরকার প্রতিটা জুলাই শহীদের পরিবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখবে। স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন রাতের ভোটে এবং বিনা ভোটে নির্বাচিত রাষ্ট্র প্রধান। ক্ষমতার অপব্যবহার করে করে তিনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। তাই ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। হাজারো ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতা পাকা পোক্ত করতে চেয়েছিলেন। তাই তার শেষ রক্ষা হয়নি। তিনি এখন দেশান্তরী হয়ে দিল্লী বসে নানা ষড়যন্ত্রের ছক আকছেন। দেশবাসী তাকে আর এ দেশে ঠাই দেবেনা।
