রাজশাহী সংবাদদাতা : রাজশাহী রেঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাঁদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (গতকাল) ডিআইজি স্বাক্ষরিত ওই চিঠি রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
নির্দেশনার প্রথম দফায় উল্লেখ করা হয়—কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনসমূহের যেসব নেতৃবৃন্দ ও কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করা, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শনে সক্ষম, তাঁদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। তবে যাঁরা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাঁদের ক্ষেত্রে আপাতত জামিনের পর পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় দফায় বলা হয়েছে, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।
চিঠিতে আরও জানানো হয়, এ বিষয়ে এর আগে গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
