ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় ইটবোঝাই ট্রাকের চাপায় মাহিম (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টারদিকে ধাইরা বাজার এলাকার একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম গোপাল কৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী ইখলাস হোসেনের একমাত্র ছেলে। তিনি স্থানীয় আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। ধাইরা বাজার এলাকায় ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালালেও সেটি দ্রুত পালিয়ে যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
