স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে— এমন পরিস্থিতিতে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানা হয়েছে।
এতে বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
