স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাপ্রত্যাশী ও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা প্রদান করেন তিনি।
ঢাকায় সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় বক্তৃতাকালে মন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর এবং সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সভার সদস্যসচিব ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে কোনো বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। পাশাপাশি ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি।
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গুরুত্বপূর্ণ সব অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদমাধ্যম। জাতির প্রয়োজনে গণঅভ্যুত্থানে সহযোগিতা করে এবং নৈতিক সমর্থন জানিয়ে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। তিনি বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ, ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধ তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়। তাই সাংবাদিকরা এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।
এ সময় নিজ নির্বাচনি এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের কথা জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিক পরিবারের কৃতি সন্তানদের অভিনন্দন জানান।
সচিব মাহবুবা ফারজানা তার বক্তব্যে প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক পরিবার এবং মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধানগণ ও কর্মকর্তারা
