স্টাফ রিপোর্টার : সাভারে ভাসমান, পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে সাভার পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজ খান নাঈম। তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সুবিধাবঞ্চিত এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, “রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই লক্ষ্যেই ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বাবুসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। তারা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও ইফতার বিতরণে অংশ নেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ রমজানে সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। তারা ছাত্রদলের এই কর্মসূচিকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
