সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সদর এলাকার এ কাদের ইন্টারন্যাশনাল স্কুল-এর পঞ্চম শ্রেণির ছাত্র তাসিন ইসলাম (নিমির) বেসরকারি পর্যায়ে ১০টি প্রতিষ্ঠান ও সংস্থা থেকে মেধাবৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্ব স্থাপন করেছে।
নিমির পৌর এলাকার আংগারিয়া মহল্লার ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম রিপনের ছেলে। তার মা ফারহানা হক মুক্তি একজন স্কুলশিক্ষিকা। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে।
যেসব প্রতিষ্ঠান থেকে নিমির বৃত্তি লাভ করেছে সেগুলো হলো— স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস), জরিনা খাতুন স্মৃতি, ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদ স্মৃতি, ব্রাইট স্টার স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আব্দুল কাদের স্মৃতি, সিংগাইর উপজেলা ট্যালেন্ট সার্চ, সিংগাইর কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইকরা আধুনিক শিক্ষা নিকেতন, সিংগাইর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং মধুরচর নবপ্রভাত কিন্ডারগার্টেন। এর মধ্যে ৭টিতে ট্যালেন্টপুল এবং ৩টিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সে।
বিদ্যালয়ের পরিচালক বদরুল আলম কিবরিয়া জানান, নিমির চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে। সে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, শ্রেণিকাজ যথাযথভাবে সম্পন্ন করে এবং সহপাঠীদের পড়াশোনায় উৎসাহিত করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। বছরের শেষে ১০টি প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি অর্জন তার অধ্যবসায় ও মেধারই প্রমাণ।
তাসিন ইসলাম নিমির ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছে।
