রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে ছাত্রদলের গার্মেন্টের ঝুট ব্যবসা দখল চেষ্টা, আহত ৮
daily-fulki

সাভারে ছাত্রদলের গার্মেন্টের ঝুট ব্যবসা দখল চেষ্টা, আহত ৮


স্টাফ রিপোর্টার : সাভারে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে  মোটরসাইকেল মহড়া দিয়ে গার্মেন্ট কারখানার ঝুট ব্যবসা দখলের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫/৬ দিন ধরে বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা এলাকায় তিতাস গার্মেন্ট ও এপিটেক ফ্যাক্টরীর ঝুট ব্যবসা দখলে নিতে  বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে মহড়া দিয়ে আসছিল। রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জিঞ্জিরা এলাকায় তিতাস গার্মেন্টস কারখানার ঝুট দখল নিতে গেলে প্রতিপক্ষ ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।  এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। 


সংঘর্ষে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, ইউনিয়ন কমিটির সদস্য বিল্লাল হোসেনসহ ৮ জন আহত হন।


স্থানীয় বাসিন্দা শহীদুল আমিন নয়ন জানান, গত ৫/৬ দিন ধরে ছাত্রদল ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ২০/২২টি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে আসছিল। তারা থানা কৃষক দলের সভাপতি আবু সাঈদের কর্মী।


বিষয়টি নিয়ে কথা বললে আবু সাঈদ জানান, তিনি বর্তমানে কক্সবাজার আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তারা সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 


এপিক কারখানার প্রশাসনিক ইনচার্জ সাবেক ফুটবলার শফিকুল কাদের মুন্না জানান, আমাদের কারখানায় ছাত্রদলের ছেলেরা এসেছিল। কিন্তু কোন গন্ডগোল হয়নি পাশের তিতাস গার্মেন্ট কারখানায় সমস্যা হয়েছে শুনেছি।


তিতাস গার্মেন্ট কারখানার একাধিক কর্মকতাকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

সর্বাধিক পঠিত