রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে কৃষির কবর রচনা করছে ইটভাটা, চলছে টপসয়েল বাণিজ্য
daily-fulki

সিংগাইরে কৃষির কবর রচনা করছে ইটভাটা, চলছে টপসয়েল বাণিজ্য


মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর টপসয়েল। তিন ফসলি জমি ও আবাসিক এলাকার মাঝখানে গড়ে ওঠা অন্তত ৫৮টি ইটভাটার জ্বালানি হিসেবে প্রতিদিনই ব্যবহার হচ্ছে এসব মাটি। ফলে বিস্তীর্ণ আবাদি জমি পরিণত হচ্ছে গভীর খাদ, ডোবা ও নালায়। খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও গ্রামীণ অবকাঠামোও পড়ছে হুমকির মুখে।
 

ইউনিয়নভিত্তিক বিস্তার: 
 

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভাটা রয়েছে বলধরা ইউনিয়নে—সংখ্যা ২৭টি। চান্দহরে ১৩টি, জামির্ত্তায় ৬টি, বায়রায় ৬টি, চারিগ্রামে ৩টি, ধল্লায় ২টি এবং সদর ইউনিয়নে ১টি ভাটা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি; বন্ধ দেখানো কিছু ভাটা নতুন নামে বা ভাড়ায় চালু রয়েছে।
 

বলধরায় খাদে পরিণত ফসলি জমি: 
 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে বলধরা ইউনিয়নে দেখা যায়, বিস্তীর্ণ জমি গভীর খাদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন কুদ্দুস কোম্পানি, মহর আলী, লালন মিয়া ও রবিন। এছাড়া সোহেল, মিন্টু, জিয়া, আকবর, নুরু ও টুটুলের নামও উঠে এসেছে।
খোলাপাড়া মৌজার বদ্দর চক এলাকার কৃষক আমিনুর ইসলাম, ইদ্রিস আলী ও ফারুক আহমেদ জানান, পাশের জমি গভীর করে কাটার ফলে তাঁদের তিন ফসলি জমি ভেঙে পড়ছে। লালন মিয়ার বিরুদ্ধে কমদামে জমি কিনতে চাপ ও হুমকির অভিযোগও করেন তাঁরা। বিষয়টি সদ্য নির্বাচিত সংসদ সদস্যের কাছে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

রাতের আঁধারে মাটি পরিবহন: 


জামির্ত্তা ইউনিয়নের হাতনি ও জাইল্লার চকে ৬টি ভাটা সচল, যার চারটি ভাড়ায় পরিচালিত। এলাকাবাসীর দাবি, রিপন, আইনুল, সাদিক, আরিফুল, মঞ্জু, আলামিন, রাজু ও দ্বীন ইসলামের নেতৃত্বে চলছে মাটি কাটা। রাতের আঁধারে ড্রাম ট্রাকে মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর, ওয়াইজনগর, বাঘুলি ও চালিতাপাড়া চকে গড়ে ওঠা ১৩টি ভাটার জন্যও স্থানীয় কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। এলাকাবাসী মালেক, রেহানুল রায়হান, ইজ্জত আলী, লাল মিয়া, মনির, শহিদুল, হুসো, কাইল্লা হাসান, মোশারফ ও সেলিমের নাম উল্লেখ করেছেন। চারিগ্রাম, জামশা ও বায়রা ইউনিয়নেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে।
 

দুর্ঘটনা ও দূষণ:

সুদক্ষিরা-জাইল্লা এলাকার আবাসিক পরিবেশে গড়ে ওঠা ‘সুপার ব্রিকস’ নামের একটি ভাটার ট্রাকে ২০২১ সালের ৬ মে বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডে নজরুল ইসলাম বাবুল নিহত হন। অভিযোগ রয়েছে, মীমাংসার পরও তাঁর পরিবার ক্ষতিপূরণ পায়নি।
ইটভাটার কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ, আর ভারী ট্রাক চলাচলে ভেঙে পড়ছে পাকা ও আধাপাকা সড়ক। দিনের বদলে রাতকে বেছে নিয়ে টপসয়েল কাটায় প্রশাসনের নজর এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
 

প্রশাসনের বক্তব্য: 
 

উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খান বলেন, অধিকাংশ ভাটা ভাড়ায় পরিচালিত হচ্ছে। “মাটি ছাড়া ভাটা চলবে না। মাটির ব্যবসায়ীরা সরাসরি ভাটার সঙ্গে জড়িত নয়—প্রশাসন চাইলে ব্যবস্থা নিতে পারে।” তিনি অন্তত চারটি ভাটা অবৈধ বলে স্বীকার করেন।
থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটা বেআইনি; মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ সহযোগিতা করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, সিংগাইরে একটি ইটভাটাও বিধিসম্মত নয় এবং কৃষি বিভাগের মতামত নেওয়া হয় না।
পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ভাটা ও কৃষিজমির মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনায় প্রস্তুত রয়েছে পরিবেশ অধিদপ্তর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, চলতি মৌসুমে টপসয়েল কাটার দায়ে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং তিনটি ভেকু অকার্যকর করা হয়েছে। “যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে,” দাবি তাঁর।
 

দীর্ঘমেয়াদি শঙ্কা: 
 

কৃষি বিশেষজ্ঞদের মতে, টপসয়েল একবার নষ্ট হলে জমির উৎপাদনক্ষমতা ফিরে পেতে বহু বছর সময় লাগে। কার্যকর নিয়ন্ত্রণ না হলে সিংগাইরের কৃষি, পরিবেশ ও খাদ্যনিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি বিপর্যয় নেমে আসতে পারে—এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ।
 

সর্বাধিক পঠিত