স্টাফ রিপোর্টার : মায়ের জানাযায় প্যারোলে মুক্তি পেয়ে সাভারে ধসে পড়া আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন। এসময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় একযুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে তার মায়ের জানাযায় অংশ নেন।
এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমার মা’র জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই’।
রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এসময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাযা শেষে তাকে সাড়ে ৭ টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।
