স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীতদিক থেকে আসা অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে মটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম হাসান আলভী পুলক (২৪)। সে সাভার আর্মি আইবিএ’র বিবিএ’র ১২তম ব্যাচের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হাসান আলভী পুলক বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) প্রথম রমজানের ইফতার সাভার আর্মি আইবিএ’র ক্যাম্পাসে বন্ধুদের সাথে সমাপ্ত করে সাভার সেনানীবাসে সেনা কর্মকর্তা বোন জামাইয়ের বাসায় যাচ্ছিল। পথে রউফ গেইটের নিকট রং সাইড দিয়ে আসা অটোরিক্সাকে পাশ কাটাতে গিয়ে মটরসাইকেলসহ পড়ে যায়। মুহুর্তের মধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়।
হাসান আলভী পুলকের পিতার নাম রফিকুল ইসলাম। তাদের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকায়।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, সাভার সিএমএইচে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
