স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ ⁺’ ক্যাটাগরিতে কেউ নেই।
‘এ’ গ্রেডে ৪ জন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন বিসিবির চুক্তিবদ্ধ হয়েছেন।
গ্রেডভেদে তাদের মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ‘এ ⁺’ ক্যাটাগরির খেলোয়াড়ের বেতন ১০ লাখ টাকা।
কোন গ্রেডে মাসিক বেতন কত
এ ⁺: ১০ লাখ টাকা
এ: ৮ লাখ টাকা
বি: ৬ লাখ টাকা
সি: ৪ লাখ টাকা
ডি: ২ লাখ টাকা
কোন ক্রিকেটারের বেতন কত
‘এ’ গ্রেডে আছেন ৪ জন। নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।
নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের, লিটন টি-টোয়েন্টির। তাসকিন গত বছর এ ⁺ ক্যাটাগরিতে ছিলেন।
‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘সি’ গ্রেডে আছেন ৬ জন। সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান।
