মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
প্রথমবারেই বাজিমাত: এমপি হয়েই মন্ত্রী আফরোজা খানম রিতা
daily-fulki

প্রথমবারেই বাজিমাত: এমপি হয়েই মন্ত্রী আফরোজা খানম রিতা

 


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এ আসন থেকে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় আফরোজা খানম রিতার অন্তর্ভুক্তির খবরে মানিকগঞ্জ জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


রাজনৈতিকভাবে তিনি এক সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন। তাঁর বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন।


বাবার হাত ধরেই রাজনীতিতে তাঁর পথচলা শুরু। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর জেলা ও ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।


মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, “আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় শুধু দলের নেতা-কর্মীরাই নন, পুরো জেলাবাসী আনন্দিত ও গর্বিত। মন্ত্রী হিসেবে তিনি জেলার উন্নয়নসহ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়া আফরোজা খানম রিতার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি মানিকগঞ্জের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
 

সর্বাধিক পঠিত