সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেন লাশের সুরতহাল তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানা পুলিশের এসআই উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ওয়ান।
পুলিশ জানায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ও দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়ন ও পৌর এলাকার ঘোনাপাড়ায় এসব ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রবিবার উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর ২য় খণ্ড এলাকার বাসিন্দা মোঃ বাবুল হোসেন (৩৫) নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। তিনি পেশায় একজন পিকআপ গাড়ির চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে কাজ শেষে বাড়ি ফিরে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ নামিয়ে রাখা হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়না তদন্ত পাঠান।
একই দিনে সিংগাইর পৌরসভার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা মোঃ ফয়সাল (২৯) নিজ ঘরের কাঠের রুয়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। তার মা ফাতেমা বেগম জানান, ফয়সাল গত ৬/৭ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বাসায় রেখে বাইরে বের হন তিনি। পরে বাড়িতে ফিরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সিংগাইর থানার ওসি মোঃ মাজারুল ইসলাম বলেন, দুটি আত্মহত্যার ঘটনা ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
