স্টাফ রিপোর্টার : এবারের জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। এই উপলক্ষ্যে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সৌধের মূল ফটকে এই সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেয়া হয়েছে। নোটিশে বলা হয়, শপথবাক্য পাঠের পর নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসবেন। এ জন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূড়ান্ত তারিখ ঠিক না হলেও সৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।’
