বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে একটি দলের কর্মীরা : জামায়াত
daily-fulki

কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে একটি দলের কর্মীরা : জামায়াত


স্টাফ রিপোর্টার : নির্বাচনে ভরাডুবি হবে এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং মিয়া মো. তরুণ।


ব্রিফিংয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেছেন, “বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত নির্বাচন। জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে মানুষ বাড়ি থেকে কেন্দ্রে এসেছে।”


তিনি আরও উল্লেখ করেছেন, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সঙ্গে গণভোটও হচ্ছে। নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য এবং কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়া অপরিহার্য। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জনগণ গণভোটেও ‘হ্যাঁ’ ভোট দেবেন।

অ্যাডভোকেট জুবায়ের আরও জানিয়েছেন, জামায়াতের আমির, নায়েবে আমির ও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দও নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, “গত দেড় যুগে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বা জালিয়াতি নির্বাচন দেখেছে। এবারই প্রথম তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, যা নতুন প্রজন্মের জন্য একটি নতুন ইতিহাস।”

তিনি ভোটারদের দ্রুত কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। “আগামী বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জনগণের দায়িত্ব।

তবে কিছু কেন্দ্রে দুঃখজনক ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। বরিশালের ভোলা, কুমিল্লা-৮ এবং নোয়াখালীর কিছু কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অ্যাডভোকেট জুবায়ের বলেছেন, “যারা এসব করছে, তারা হতাশাগ্রস্ত এবং নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে।”  

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ সুন্দর ও প্রত্যাশিত নির্বাচন দেখতে চায়। কোনও ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টরা জনগণের কাছে জবাবদিহি করবেন। তিনি আশা প্রকাশ করছেন, সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  
 

সর্বাধিক পঠিত