স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর দেড়টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারিও রাখা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুরুষ ও নারী ভোটারদের আলাদা সারিতে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বয়স্ক ভোটারদের সহায়তায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকাও লক্ষ্য করা গেছে।
ঢাকা-১৯ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করলেও নির্বাচনী আচরণবিধি মেনে চলতে দেখা গেছে তাদের। এখন পর্যন্ত কোথাও বিশৃঙ্খলা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে।
দিনভর ভোটার উপস্থিতি কেমন থাকে এবং ভোটগ্রহণ শেষে পরিস্থিতি কেমন দাঁড়ায়, সেদিকেই এখন নজর সবার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
