বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে ভোটকেন্দ্রের দেয়ালে আ.লীগের উসকানিমূলক স্লোগান, তদন্তে প্রশাসন!
daily-fulki

সিংগাইরে ভোটকেন্দ্রের দেয়ালে আ.লীগের উসকানিমূলক স্লোগান, তদন্তে প্রশাসন!

 

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ থেকে  : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ভোটকেন্দ্রের দেয়াল ও আশপাশে উসকানিমূলক রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ ধরনের স্লোগান লিখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসংলগ্ন বিভিন্ন দেয়ালে রঙ দিয়ে কয়েকটি রাজনৈতিক স্লোগান লেখা হয়। এর মধ্যে ছিল— “জয় বাংলা”, “নো ভোট”, “শেখ হাসিনা ছাড়া কিসের ভোট”, “নৌকা ছাড়া কিসের ভোট”, “ আমার মার্কা নৌকা ”  ইত্যাদি। বুধবার সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়ালে লেখা স্লোগানের ছবি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা দেয়ালে এসব লিখে থাকতে পারে। তবে কারা জড়িত—এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। অনেকে মনে করছেন, নির্বাচনী পরিবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি কিংবা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে।

ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। ফলে কেন্দ্রের দেয়ালে এ ধরনের রাজনৈতিক বার্তা লেখা নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হক রনি বলেন, “এটি নির্বাচন বানচালের পরিকল্পিত একটি ষড়যন্ত্র। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। যারাই করুক তারা এ ষড়যন্ত্রে সফল হতে পারবে না। আমরা এ ধরনের অপচেষ্টা রুখে দিবো।”

তালেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কারা লিখেছে, তা আমরা জানি না। এই অপকর্মে যেই জড়িত হোক, সে হোক আমার আত্মীয় অথবা যদি আমার দলেরও কেউ হয়ে থাকে তার বিরুদ্ধেও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বাধিক পঠিত