সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
কারচুপি করে জয়ী হলে কীভাবে রাজনীতি করেন দেখে নেব : দিলশানা পারুল
daily-fulki

কারচুপি করে জয়ী হলে কীভাবে রাজনীতি করেন দেখে নেব : দিলশানা পারুল


স্টাফ রিপোর্টার : ‘কেউ যদি মনে করেন, ঢাকা-১৯ আসনে ভোটকেন্দ্র দখল করে জিতবেন, তা ভুলে যান। এটি হচ্ছে শাপলা কলি ও ১১ দলীয় জোটের আসন। আমরা ভোটকেন্দ্রে হাজির থাকব, কেউ যেন এই দুঃসাহস না করেন।’

সোমবার (৯ ফেব্রুয়ারী) সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরআগে দিলশানা পারুল তাঁর ইশতেহারে উল্লেখ করেন, তিনি বিজয়ী হলে সাভারকে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত করবেন। ইশতেহারে তিনি সাভারের ওপর দিয়ে প্রবাহিত বংশী ও তুরাগ নদ-নদীকে দূষণ এবং দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

দিলশানা পারুল বলেন, ‘ভোটাররা নিঃসংকোচে ও নির্ভয়ে ভোট দেবেন। ভোটারদের ভোট যাতে ভোট বাক্সে থাকে, তা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি না পারে, কোনো একটা দলের দিকে যদি ঝুঁকে যায়, ভোট গণনায় যদি এদিক-ওদিক করে, তাহলে আমরা তা ঠেকাব। এবার ভোটকেন্দ্রে অন্য রকম কিছু করার আগে চিন্তা করতে হবে। এবার ভোট কিন্তু সহজ হবে না।’

এনসিপির এ নেত্রী বলেন, ‘বিএনপি ১৭ বছরে যে কাজ করতে পারেনি, ২১ দিন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে তার মধ্য দিয়ে এনসিপি তৈরি হয়েছে। ঢাকা-১৯ আসনে কারচুপি করে বিজয়ী হলে পাঁচ বছর কীভাবে রাজনীতি করেন, আমরা তা দেখে নেব।’


দিলশানা পারুল আরও বলেন, ‘আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটি ভোটকেন্দ্রে কোনো ধরনের কারচুপি ও জবরদখলের চেষ্টা করলে তাদের জন্য পাল্টা থ্রেট দিয়ে রাখলাম। আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে, আন্দোলন করে তারপর মাঠে এসেছি।

এমনি এমনি নয়। মনে রাখবেন, দিলশানা পারুলরা ভয় পায় না।’ এ সময় তিনি তাঁর সমর্থক, ভোটার ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

 

সর্বাধিক পঠিত