স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার স্মরণিকায় আবাসিক এলাকায় স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা শরিফুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, বিএনপি নেতা মশিউর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সংগঠনের সদস্যরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তিনি নির্বাচিত হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবেন। তিনি উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
পরে তিনি উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভা শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
