স্টাফ রিপোর্টার : ঢাকা-১৭ আসনে বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চলচ্চিত্রের একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান।
সম্প্রতি রাজধানীর গুলশান ১-এর পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় প্রচারণা করতে এসে তিনি বলেন, তারেক রহমানের ধানের শীষ ও তার হাতকে শক্তিশালী করতে সবার কাছে ভোট চাইতে এসেছি।
সংরক্ষিত আসনে এমপি হতে চাওয়ার আশা প্রকাশ করে এসময় রিনা খান বলেন, আমি নিজে জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন)-এর সিনিয়র সহ-সভাপতি। আমি সংরক্ষিত আসন থেকে এমপি হতে চাই।
আশা রাখি, একটি সিট আমি পাবো।
তিনি বলেন, আসলে বিগত ১৭ বছরে ধরে আমাদের অনেক শিল্পী দেশে থাকতে পারেনি। যারা দেশে ছিলেন তারা নির্যাতিত হয়েছে। আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।
বলে রাখা যায়, ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমায় রিনা খানের উপস্থিতি ছিল অপরিহার্য। একের পর এক হিট সিনেমায় তার অভিনয় চলচ্চিত্রকে দিয়েছে প্রাণ, দিয়েছে উত্তেজনা। বলা যায়, খলনায়িকার দাপট যে কতটা হতে পারে, তা তিনি প্রমাণ করেছিলেন নিজের ক্যারিয়ারে।
