রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মানিকগঞ্জ-২: ভোটযুদ্ধে ধানের শীষের অগ্রগতি, দেয়াল ঘড়ির চ্যালেঞ্জ
daily-fulki

মানিকগঞ্জ-২: ভোটযুদ্ধে ধানের শীষের অগ্রগতি, দেয়াল ঘড়ির চ্যালেঞ্জ


মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনী লড়াই এখন তীব্র রূপ ধারণ করেছে। মাঠপর্যায়ের প্রচারণা, দলীয় ঐক্য, জোট ব্যবস্থাপনা এবং ভোটারদের মনস্তত্ত্ব সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ধানের শীষের প্রার্থী ধীরে ধীরে অগ্রগতি লাভ করছেন। তবে ১১ দলীয় জোটের প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শেষ মুহূর্তে পাল্টা লড়াইয়ের আশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সংগঠিত প্রচারণা ধানের শীষের পক্ষে


নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, বিএনপি তুলনামূলকভাবে সবচেয়ে সংগঠিত প্রচারণা চালাচ্ছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভক্তি অনেকটাই প্রশমিত হওয়ায় দলটি একক কণ্ঠে মাঠে নেমেছে। থানা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান মনোনয়ন প্রত্যাহার করে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন। একইভাবে সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু এবং পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় নিজ নিজ বলয়ে ভোটারদের কাছে কার্যকর উপস্থিতি নিশ্চিত করছেন।


দলীয় নেতারা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভোট বিভাজন রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও বিকল্পের অভাব ধানের শীষের পক্ষে ভোটারদের মনোযোগকে কেন্দ্রীভূত করছে।
জোটের সমন্বয় এখনও অনিশ্চিত


অন্যদিকে, ১০ দলীয় জোটের চিত্র তুলনামূলকভাবে জটিল। জামায়াতে ইসলামীর সরাসরি প্রার্থী না থাকায় আসনটি ১০ দলীয় জোটের মধ্যে পুনর্বিন্যাস করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত আসনটি ছেড়ে দেয় বাংলাদেশ খেলাফত মজলিসকে। ফলে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড শেখ মুহাদ্দিস মুহাম্মাদ সালাহ উদ্দিন।


জোটের মাঠ পর্যায়ের সমন্বয় এখনো পুরোপুরি দৃঢ় নয়। এর আগে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান আলোচিত হলেও মনোনয়ন না পাওয়ায় প্রাথমিকভাবে হতাশা দেখা দেয়। গোবিন্দল গ্রামে এক উঠান বৈঠকে জাহিদুর রহমান বলেন, “আগের মতো ‘ভোট হয়ে গেছে’ এমন নির্বাচন হবে না। জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


অন্য প্রার্থীরা কোথায় দাঁড়াচ্ছেন
জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এস এম আব্দুল মান্নান লাঙ্গল মাঠপর্যায়ে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারছেন না। রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সংগঠিত গণসংযোগের ঘাটতি তাকে মূল লড়াই থেকে কিছুটা দূরে রেখেছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখার নিয়মিত প্রচারণা চালালেও তাকে এখনো নির্ণায়ক শক্তি হিসেবে দেখা হচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী ভোটের একটি অংশ তিনি আকর্ষণ করতে পারেন, কিন্তু তা চূড়ান্ত ফলাফল বদলাতে যথেষ্ট হবে কি না, তা অনেকটা অনিশ্চিত।


ধানের শীষ এগিয়ে, দেয়াল ঘড়ি চ্যালেঞ্জে
সব মিলিয়ে নির্বাচনী মাঠে সবচেয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ধারাবাহিকভাবে উঠান বৈঠক, হাট-বাজারে পথসভা এবং চায়ের দোকানে সরাসরি ভোটার সংলাপ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক অভিজ্ঞতা, পূর্বের সংসদ সদস্য হিসেবে পরিচিতি এবং দলীয় কাঠামোর পূর্ণ সমর্থন তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জ-২ আসনের চূড়ান্ত ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোট উপস্থিতি, কেন্দ্রভিত্তিক সংগঠন এবং জোটগুলোর বাস্তব সমন্বয়ের সক্ষমতার ওপর। তবে বর্তমান মাঠপর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে ধানের শীষ যে অগ্রগতি অর্জন করেছেন, তা স্পষ্ট।
 

সর্বাধিক পঠিত