গবি প্রতিনিধি : সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এ ঘটনায় তিনি ছাত্র সংসদের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন বলে দাবি করেছে সংসদের অন্যান্য নেতৃবৃন্দরা। এর দায়ভার ছাত্র সংসদ নিবেনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আহ্বান জানান তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাই অফিশিয়াল ফেসবুক পেইজে ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের যোগদানের খবর প্রচার করা হয়। ভিপি নিজেও বিষয়টি প্রকাশ্যে স্পষ্ট করেছেন। এরপর বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা ছাত্র সংসদের কাছে জানতে চান, এই সিদ্ধান্তটি সংসদের মতামত বা অনুমোদনের ভিত্তিতে নেওয়া হয়েছে কি না।
এর প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়েছে, গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত, ধর্ম ও আদর্শের শিক্ষার্থীরা অধ্যয়ন করেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সবার প্রতি সমান সম্মান প্রদর্শনে বিশ্বাসী। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ব্যক্তিগতভাবে নিজস্ব রাজনৈতিক চর্চা করতে পারলেও ক্যাম্পাসের ভেতরে দলীয় রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের রাজনৈতিক দলে যোগদান তার ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। তবে, গকসুর গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি ছাত্র সংসদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করেননি ফলে তার এই সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই ছাত্র সংসদ বহন করবে না। কোনো ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা যেন ছাত্র সংসদকে কলঙ্কিত না করে, সে বিষয়েও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া বিবৃতিতে, ছাত্র সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
