মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ভোটের মাঠে হরিণ প্রতীক, ক্যামেরায় ভাইরাল আবদুল আলী
daily-fulki

মানিকগঞ্জে ভোটের মাঠে হরিণ প্রতীক, ক্যামেরায় ভাইরাল আবদুল আলী


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল আলী বেপারী নির্বাচনী মাঠে নেমেছেন এক ব্যতিক্রমী লক্ষ্য নিয়ে। ভোট জিততে নয়, নিজের ভোটটি নিজে দেওয়ার আকাঙ্খাই তাঁকে বারবার নির্বাচনের পথে টেনে আনে। বড় কোনো রাজনৈতিক দল, কর্মীসমাবেশ বা শোডাউন ছাড়াই হাতে কয়েকটি লিফলেট আর অদম্য মনোবল নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর এই সাদামাটা প্রচারণাই তাঁকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের ক্যামেরায় ভাইরাল চরিত্রে পরিণত করেছে।


ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার পাড়া-মহল্লা, হাটবাজার ও চায়ের দোকানে একাই ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। তাঁর বক্তব্য, আচরণ ও জীবনদর্শন ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মাত্রই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ছে। ইউটিউবার ও ভিডিও কনটেন্ট নির্মাতাদের কাছে আবদুল আলী বেপারী এখন যেন এক জীবন্ত কনটেন্ট। প্রতিদিনই কেউ না কেউ তাঁর সাক্ষাৎকার নিতে হাজির হচ্ছেন। একের পর এক ভিডিও দিতে দিতে এখন কিছুটা ক্লান্ত বলেও জানান তিনি।


নির্বাচনের শুরুতে আইনি জটিলতার মুখে পড়লেও দমে যাননি এই স্বতন্ত্র প্রার্থী। প্রথম দফায় মানিকগঞ্জের রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে তিনি হাইকোর্টে রিট করেন। পরে আপিলের মাধ্যমে মনোনয়ন বৈধ ঘোষণা হলে পুনরায় নির্বাচনী মাঠে ফেরার সুযোগ পান। প্রতীক নির্বাচনেও বিড়ম্বনার শিকার হন তিনি। প্রথমে ‘হাতি’ প্রতীক চাইলেও সেটি নিবন্ধিত রাজনৈতিক দলের হওয়ায় বরাদ্দ না পেয়ে শেষ পর্যন্ত ‘হরিণ’ প্রতীক বেছে নেন-যা এখন তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
স্থানীয় ভোটারদের মতে, আবদুল আলী বেপারী একজন সাদামাটা ও নির্ভেজাল মানুষ। ভোটার কাউসার বলেন, “কথাবার্তায় কোনো ভেজাল নেই। একেবারে সাদা মনের মানুষ।”


আরেক ভোটার মো. সবুজ মিয়া বলেন, “বড় বড় কথা বা রাজনৈতিক অভিনয় নেই—এই সহজ-সরলতাই মানুষকে আকৃষ্ট করছে।”


নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে আবদুল আলী বেপারী বলেন, “আমি জিততে আসিনি। নিজের ভোটটা আমি নিজে দিতে পারলেই শান্তি পাই। ক্ষমতা আমার লক্ষ্য নয়। নির্বাচনের মাঠেই আমি আনন্দ খুঁজে পাই।”


এর আগে তিনি তিনবার সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। অতীতে দু’বার সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেও মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবুও হতাশ নন তিনি।


“ফেল করারও একটা মজা আছে। সুখ–দুঃখ মিলিয়েই মানুষের পাশে থাকা যায়, ”বলেন তিনি।
একাকী হলেও সততা, ধৈর্য ও অদম্য মনোবলের শক্তিতে মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠে নিজের অবস্থান ধরে রেখে এগিয়ে চলেছেন আবদুল আলী বেপারী। তাঁর এই ব্যতিক্রমী রাজনৈতিক যাত্রা এখন শুধু ভোটারদের নয়, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের ক্যামেরায়ও এক মানবিক গল্প হয়ে উঠেছে-যেখানে জয় নয়, অংশগ্রহণই মুখ্য।

 

সর্বাধিক পঠিত