ধামরাই প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি তুলে ধরা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এ মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এ ধরনের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
