শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় লুন্ঠিত রড উদ্ধার, গ্রেপ্তার ৪
daily-fulki

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় লুন্ঠিত রড উদ্ধার, গ্রেপ্তার ৪


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পুলিশ পরিচয়ে রড বুঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে লুন্ঠিত রড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। 


গ্রেপ্তারকৃতরা হলো-নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ আসউদ্দীনের ছেলে মোঃ মানিকুল (৪১), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কানারচর কদমতলী এলাকার মোঃ জসিম উদ্দীনের ছেলে মোঃ বিজয় (২৮), একই জেলার সাভার মডেল থানার ভাকুর্তা ইউনিয়নের চরতুলাতলী গ্রামের মোঃ এন্তাজ আলীর ছেলে মোঃ সোহেল (২৬) এবং কান্দি ভাকুর্তা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৫)। 


থানা পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকার বিএসআরএম এর গোডাউন থেকে ১৩ টন রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৬৭৬১) টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাটিয়াপাড়াস্থ আনোয়ার এন্ড ব্রাদাস নামক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পথে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া আকাশ টিভির শো-রুমের সামনের পৌঁছলে ৭/৮ জন ডাকাত দলের সদস্য পুলিশ পরিচয় দিয়ে ট্রাকসহ ট্রাকে থাকা রড লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নং-০২) দায়ের করা হয়। 


ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা বাজারস্থ মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৩শ কেজি লুন্ঠিত রড এবং কেরানীগঞ্জ মডেল থানাধীন বড়াইকান্দি গ্রামের হাজী মোঃ জয়নাল আবেদীনের পরিত্যাক্ত কলমি ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা ৭ হাজার ২শ কেজি রড উদ্ধার করা হয়েছে। 


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, আসামীদের নিবিরভাবে জিজ্ঞাসাবাদ ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত