স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ ভোট চুরি করার চেষ্টা কিংবা জালিয়াতি করার চেষ্টা করলে তার পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন, ঋণ খেলাপীদের বিরুদ্ধে জনগণের রায়ের নির্বাচন। মা বোনদের নির্যাতনের বিরুদ্ধে রায়ের নির্বাচন। দেশকে আধিপত্য বাদী ও ফ্যাসীবাদীমুক্ত করতে নির্বাচন। ইনসাফের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে অংশগ্রহণ করেছি। দেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়।
তিনি বলেন, একটি পক্ষ আমাদের মা বোনদের ভয় পাচ্ছে। তাই তারা মা বোনদের প্রচারণায় বাধা দিচ্ছে। তারা ভয় পেয়ে শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করেছে। যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তাদের রাজনীতি রুখে দিতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন। তাদেরকে রুখে দেয়ার দিন ১২ ফেব্রুƒয়ারী।
শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের এখনও ধরতে পারেনি সরকার। বিচার দাবিতে তার পরিবার যমুনার সামনে অবস্থান করেছে। হত্যাকারীদের ধরতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা। ওসমান হাদীর হত্যাকারীদের বিচার দাবীতে এখনও দেশবাসী ও তার পরিবার রাজপথে রয়েছে। ওসমান হাদীর নীতি আদর্শ ও জুলাই অভ্যুত্থানের আদর্শে নির্বাচনে রায় আসবে।
তিনি বলেন, আমরা আজাদী ও আধিপাত্যবাদ বিষয়ে এক বিন্দুও ছাড় দিব না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। আমাদের বিরুদ্ধে ভোট দিলেও আসবেন। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট কেন্দ্রে যাবেন। গোলামীর বিরুদ্ধে রায় দিতে ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, আপনারা দেশের মানুষ দাবী প্রতিষ্ঠায় জালেমের বিরুদ্ধে রায় দিবেন। বর্তমান সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। আসন্ন সরকার গঠনের মধ্যদিয়ে আধিপত্য দূর করতে পারবো। দিল্লীর তাবেদারী দূর করতে হবে।
তিনি বলেন, আমরা কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। একটি দলের নেতা বিদেশ থেকে এসে বলেছেন, আমার একটি প্লান আছে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম। তাই বলেছিলাম শেয়ার করেন। কিন্তু এখন দেখছি তিনি দেশের কোথায় চিনি কল আছে, কোথায় ইপিজেড আছে, কোথায় সোয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশী হয় তা তিনি কিছুই জানেন না। তিনি দেশ ও জনগনণ সম্পর্কে জানেন না। তিনি ১৭ বছর দেশে ছিলেন না। এমন কোন প্লান আমরা কাউকে বাস্তবায়ন করতে দেব না যাতে দেশে আবার ফ্যাসিবাদ পুন:প্রতিষ্ঠা পাবে। দুর্নীতির রাজনীতি আবার ফিরে আসবে। দেশ পিছিয়ে যাবে এমন প্লান বাস্তবায় হতে দেব না। এ জন্য সবাইকে তিনি প্রস্তুত হতে আহবান জানান।
নাহিদ ইসলাম আরও বলেছেন, আর কোন দুর্বৃত্ত যেন দেশের রাজনীতিতে ফেরৎ না আসে। এ দেশের মানুষ আর কোন বেঈমান প্রতারকের হাতে ক্ষমতা দিতে চায় না। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দক্ষ লোকের অভাব হবে না। দেশের ও বিদেশের অভিজ্ঞ লোকদের সংযুক্ত করা হবে।
তিনি বলেন ঢাকা-১৯ আসনে ১১দলীয় প্রার্থী দিলশানা পারুল দেশের মানুষের কথা চিন্তা করে বিদেশ থেকে দেশবাসীর সেবা করার জন্য ফিরে এসেছেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান নাহিদ ইসলাম।
তিনি শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সাভারে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুলের শাপলা কলি প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। সাভার পৌর এলাকার শাহীবাগে মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি সাভার উপজেলা আহবায়ক জুলকারনাইন।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেত্রী দিলশানা পারুল, জায়াতের কেন্দ্রিয় সুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, জেলা রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার প্রমুখ।
