বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার
daily-fulki

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার

 


মাসুম বাদশাহ, (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন সেতুর নিচে থেকে পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। 


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক ( মানিকগঞ্জ ইউনিট দায়িত্বপ্রাপ্ত ) লেফটেনেন্ট কর্ণেল ওয়াসিম আকরাম। 


সংবাদ সম্মেলনে ওয়াসিম আকরাম জানান, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১২ টারদিকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার সংলগ্ন  ব্রীজের নিচে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করে। অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন সদস্য ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যৌথবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।


অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। নির্বাচন ঘিরে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, মহরম আলী ও আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 

 

সর্বাধিক পঠিত