বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মানিকগঞ্জ-১: বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় যুবদলের ৫ নেতা বহিষ্কার, ৯ ছাত্রদল নেতাকে শোকজ
daily-fulki

মানিকগঞ্জ-১: বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় যুবদলের ৫ নেতা বহিষ্কার, ৯ ছাত্রদল নেতাকে শোকজ


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণায় নামায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা যুবদল ও ছাত্রদল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৫ যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ৯ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


সোমবার বিকেলে (২ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলা যুবদল ও জেলা ছাত্রদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত যুবদল নেতারা হলেন, দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাসার, কলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জসিম, জিয়নপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন, একই ইউনিয়নের সহ-সভাপতি আবদুর রহিম এবং বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. হাতেম আলী।


দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


অন্যদিকে, একই অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৯ জন ছাত্রদল নেতাকে শোকজ করা হয়েছে। শোকজপ্রাপ্ত অন্য নেতারা হলেন, আমির হামজা, মো. সাগর খান, মো. শফিক মিয়া, তুষার মিয়া, ইমদাদুল হক, হৃদয় হোসেন, শাহিনুর রহমান এবং মেহেদী হাসান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 


জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক বলেন, “দলের সদস্য হয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত মূল প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হকের পক্ষে ওই নেতারা নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে।


এই আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থী ছাড়াও জামায়াত, গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

সর্বাধিক পঠিত