স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নারীবিষয়ক সেক্রেটারি নুরুন্নেছা সিদ্দিকা দলের শীর্ষ পদে নারীদের না থাকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, “ইসলামী জীবনবিধান মোতাবেক নারী শীর্ষ পদে আসতে পারে না। প্রধান হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার রক্ষা হচ্ছে কি না।
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দেশে দীর্ঘ সময়ে ক্ষমতায় থেকেও নারী প্রধানমন্ত্রীরা নারীর অধিকার রক্ষা করতে পারেননি।
এদিন নির্বাচন কমিশনে জামায়াতের মহিলা উইং ভোট প্রচারণা চালানোর সময় হামলার অভিযোগ জানায়। জামায়াতের পলিটিক্যাল এ্যাফেয়ার্স প্রধান হাবিবা আখতার চৌধুরী বলেন, “এই প্রথম মহিলা উইং থেকে এসেছি। ভোট প্রচারে মা-বোনদের ওপর হামলা হচ্ছে। কিছু মহল নারীদের জামায়াতে থাকাটা পছন্দ করছে না। দেশের অর্ধেক ভোটার বিভ্রান্ত করতে নারীদের ওপর এই হামলা হচ্ছে।
তবে তিনি উল্লেখ করেন, জামায়াতে ৪৩ শতাংশ মহিলা নেতৃত্ব আছে। দলের শীর্ষ নেতৃত্বে নারী রয়েছে এবং নারীদের সম্মান করা হয়।
