বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে গরু ফার্মে ভাঙচুর ও তিন লাখ টাকা লুটের অভিযোগ
daily-fulki

সিংগাইরে গরু ফার্মে ভাঙচুর ও তিন লাখ টাকা লুটের অভিযোগ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি গরু ফার্মে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় ধানের শীষ সংবলিত একটি পাজারো গাড়ি ব্যবহারের অভিযোগ থাকায় বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।


শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টারদিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত শাহজালাল এগ্রো গরু ফার্মে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় ফার্মের অংশীদার মনজুর ইলাহী (৩৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি তেজগাঁওয়ের মনিপুরি এলাকার বাসিন্দা। তাঁর বাবার আবুল কাশেম।


অভিযোগে মনজুর ইলাহী জানান, তিনি ও তার সহযোগীরা যৌথভাবে শাহজালাল এগ্রো গরু ফার্ম পরিচালনা করে আসছেন। শনিবার সকালে রাজু (৩৫), আবুল হাশেম (৪৮), জসিম (৩৯), রাজিব (২৫)সহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হামলা চালায়।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধানের শীষ সংবলিত একটি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১১-৮২৫০) ব্যবহার করে ফার্মে প্রবেশ করে। এ সময় তারা ফার্মের আসবাবপত্র, সিসি ক্যামেরার ক্যাবল, বিদ্যুতের তার, রশি ও ম্যাট ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।


একপর্যায়ে হামলাকারীরা মনজুর ইলাহীকে বেধড়ক মারধর করে গরু বিক্রির সিন্দুকে রাখা তিন লাখ এক হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের ও পুলিশের সহায়তায় আহত মনজুর ইলাহীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মনজুর ইলাহী বলেন, ধানের শীষ সংবলিত গাড়ি ব্যবহার করে হামলা চালানোয় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।


এ বিষয়ে সিংগাইর উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ধানের শীষ ব্যবহার করে কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বাধিক পঠিত